Views Bangladesh Logo

ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

ইরান ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। আইডিএফ জানায়, ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পরই উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে এবং সঙ্গে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।

ইসরায়েলের স্থানীয় সময় রোববার (৭ জুন) রাত সাড়ে ১১ টার দিকে এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্র হামলার আগে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েল বিমান হামলা চালায়। ওই হামলায় ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহর অবস্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে দাবি করেছে ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আরও জানিয়েছে, ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করা হয়েছে। হামলার পর দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় সেনাবাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে বলেছে, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকলে আরও কঠোর জবাব দেওয়া হবে। তেহরানের অভিযোগ, বৈরুতে সাম্প্রতিক হামলার মাধ্যমে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি আরও উত্তপ্ত করছে।

বিশ্লেষকদের মতে, গত এপ্রিলের যুদ্ধবিরতির পর এই প্রথম ইরান সরাসরি ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল। এতে করে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং বিদ্যমান কূটনৈতিক প্রচেষ্টাও চাপে পড়তে পারে।

এদিকে পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে আন্তর্জাতিক সম্প্রদায়। আশঙ্কা করা হচ্ছে, সংঘাত আরও বিস্তৃত হলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সূত্র- বিবিসি, দ্য নিউ ইয়র্ক টাইমস।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ