ভারত মহাসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বুধবার ভোরে ভারত মহাসাগরে মোতায়েন একটি মার্কিন ডেস্ট্রয়ারে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, এই অভিযান ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ এর অংশ হিসেবে পরিচালিত হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, মার্কিন ডেস্ট্রয়ারটি আমেরিকার একটি জ্বালানি পরিবাহী ট্যাংকার থেকে জ্বালানি সংগ্রহ করার সময় লক্ষ্যবস্তু করা হয়। হামলায় ইরানের প্রযুক্তিতে তৈরি ‘কদর-৩৬০’ ও ‘তালাইয়েহ’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
ইরানি পক্ষ দাবি করেছে, ক্ষেপণাস্ত্র আঘাতে ডেস্ট্রয়ার ও ট্যাংকার উভয়েই আগুনে ভস্মীভূত হয়েছে এবং বিশাল ধোঁয়ার স্তূপ ভারত মহাসাগরের আকাশে দেখা গেছে। আইআরজিসি এই হামলাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর ইরানের আত্মরক্ষার অংশ হিসেবে উল্লেখ করেছে।
সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগর ও ভারত মহাসাগরে মার্কিন ও ইরানি নৌবাহিনীর মধ্যে উত্তেজনা অনেক বৃদ্ধি পেয়েছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, এই সরাসরি হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে নতুন ও আরও বিপজ্জনক দিকে ঠেলে দিতে পারে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এখন পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে