Views Bangladesh Logo

উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ইরানের

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। তেহরানের দাবি, সাম্প্রতিক সময়ে ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে যুক্তরাষ্ট্রের রাতভর হামলার পর এই উত্তেজনা আরও বেড়েছে। চলতি সপ্তাহে এটি ইরানের ওপর ওয়াশিংটনের তৃতীয় সামরিক হামলা।

এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, ওমানের দুকম বন্দরে মার্কিন বিমানবাহী রণতরীর সহায়তায় ব্যবহৃত একটি লজিস্টিক ও জ্বালানি সরবরাহ স্থাপনায় ‘ভারী ও আকস্মিক’ হামলা চালানো হয়েছে।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি দাবি করেছে, ওই স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তারা এ হামলাকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানের বিরুদ্ধে তেহরানের প্রতিশোধমূলক অভিযানের তৃতীয় ধাপ হিসেবে উল্লেখ করেছে।

আইআরজিসি আরও দাবি করেছে, কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ঘাঁটির কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং বিমান রক্ষণাবেক্ষণ সুবিধা লক্ষ্যবস্তু করা হয়েছে।

তবে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আকাশসীমার দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ভূপাতিত করেছে। একই সঙ্গে তারা কোনো সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেনি।

এছাড়া, কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালানোরও দাবি করেছে ইরান। দেশটির দাবি অনুযায়ী, কুয়েতে একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদের গুদাম এবং একটি রাডার স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে। একইভাবে বাহরাইনে মার্কিন বাহিনীর ব্যবহৃত যোগাযোগ ও রাডার স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়।

তবে এসব দাবির স্বাধীনভাবে কোনো যাচাই সম্ভব হয়নি। এ ঘটনায় যুক্তরাষ্ট্রও এখন পর্যন্ত হামলা বা সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ইরানের দাবি, দক্ষিণাঞ্চলে তাদের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। এতে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা নতুন করে তীব্র হয়েছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ