খামেনি হত্যাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ’ আখ্যা দিয়ে জাতিসংঘে ইরানের চিঠি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের উদ্দেশে পাঠানো এক চিঠিতে এ হত্যাকাণ্ডের কড়া নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
চিঠিতে খামেনির হত্যাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ’ আখ্যা দিয়ে বলা হয়েছে, এ ঘটনা একটি বিপজ্জনক ও নজিরবিহীন উত্তেজনার সৃষ্টি করেছে, যা রাষ্ট্রব্যবস্থার মৌলিক নীতি ও জাতিগুলোর মধ্যে সভ্য আচরণের পরিপন্থী।
ইরান এই হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। তেহরানের মতে, এ ধরনের পদক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে।
চিঠিতে আরাঘচি আরও বলেন, এই কর্মকাণ্ড শুধু আন্তর্জাতিক আইনের প্রতিষ্ঠিত নীতিমালার লঙ্ঘন নয়; বরং এটি একটি বিপজ্জনক ‘প্যান্ডোরার বক্স’ খুলে দেওয়ার শামিল। এতে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের সমতা ও আন্তর্জাতিক ব্যবস্থার স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে।
তিনি জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান, বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় সনদ অনুযায়ী তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই ঘটনার জন্য সম্পূর্ণ জবাবদিহির আওতায় আনতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সূত্র: আল জাজিরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে