Views Bangladesh Logo

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ইরানের নতুন বিধিনিষেধ জারি

ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে নতুন নিষেধাজ্ঞা ও নিয়ম চালু করেছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবরোধের প্রেক্ষাপটে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালীতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে জাহাজগুলোকে আগে থেকেই অনুমতি নিতে হবে এবং প্রণালী অতিক্রমের জন্য নির্দিষ্ট টোল বা ফি পরিশোধ করতে হবে।

বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি সরবরাহ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়, যা এখন কার্যত তেহরানের সরাসরি নিয়ন্ত্রণে রয়েছে বলে উল্লেখ করা হচ্ছে।

শিপিং জার্নাল লয়েডস লিস্টের তথ্য অনুযায়ী, ‘পারস্য উপসাগর প্রণালী কর্তৃপক্ষ’ একটি নতুন কাঠামো চালু করেছে, যেখানে জাহাজ চলাচলের অনুমতির জন্য ‘ভেসেল ইনফরমেশন ডিক্লারেশন’ ফর্ম পূরণ বাধ্যতামূলক করা হয়েছে। এই ফর্মে জাহাজের মালিকানা, বীমা, ক্রু তথ্য, রুট পরিকল্পনা, আগের ও বর্তমান নাম, শনাক্তকরণ নম্বর, যাত্রা শুরুর ও গন্তব্য স্থান এবং পণ্যের বিবরণসহ ৪০টিরও বেশি প্রশ্নের বিস্তারিত তথ্য দিতে হবে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালিতে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার অংশ হিসেবে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশটির সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, যারা যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী নিষেধাজ্ঞা মেনে চলবে, তাদের এই প্রণালী পারাপারে বড় ধরনের সমস্যার মুখে পড়তে হবে।

ভারত ও পাকিস্তানের মতো দেশগুলো ইতোমধ্যে তাদের পতাকাবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে তেহরানের সঙ্গে আলোচনার চেষ্টা করছে। তবে ইরান ইঙ্গিত দিয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোকে এই প্রণালী ব্যবহার করতে দেওয়া হবে না।

এদিকে যুক্তরাষ্ট্র ইরানের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে এবং ট্রাম্প প্রশাসন জাহাজগুলোকে টোল না দেওয়ার সতর্কতা দিয়েছে। যুক্তরাষ্ট্র বাহরাইনের সঙ্গে সমন্বয় করে জাতিসংঘে একটি প্রস্তাব আনার উদ্যোগ নিলেও রাশিয়া জানিয়েছে, তারা এ ধরনের প্রস্তাবে ভেটো দিতে পারে।

ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই প্রণালীটির কার্যক্রমে বিঘ্ন ঘটছে, যার ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম ও অর্থনীতিতে অস্থিরতা দেখা দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে তারা বিদেশি হস্তক্ষেপ বন্ধ করে ‘শক্তিশালী ইরান’ গঠনের একটি বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ