রাশিয়ার কাছে অস্ত্র চায়নি ইরান: ক্রেমলিন
চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরান রাশিয়ার কাছে কোনো অস্ত্র সহায়তা চায়নি বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। আল-জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।
মস্কো ইরানকে অস্ত্রসহ কোনো ধরনের সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো অনুরোধ আসেনি। তিনি আরও বলেন, “আমাদের অবস্থান সবার জানা এবং এ বিষয়ে কোনো পরিবর্তন হয়নি।”
গত বছর ইরান ও রাশিয়ার মধ্যে ২০ বছরের একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়। বর্তমানে ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বুশেহরে দুটি নতুন পারমাণবিক ইউনিট নির্মাণ করছে রাশিয়া।
এদিকে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার কাছে শাহেদ ড্রোন সরবরাহ করেছে ইরান, যা ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে