Views Bangladesh Logo

ইরান পারমাণবিক সক্ষমতা পুনর্গঠনে এগোয়নি: তুলসী গ্যাবার্ড

মার্কিন ও ইসরায়েলি হামলার পর ইরান তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুনর্গঠনের কোনো উদ্যোগ নেয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড।

বুধবার (১৮ মার্চ) ওয়াশিংটন ডিসিতে সিনেট ইন্টেলিজেন্স কমিটির শুনানিতে দেওয়া লিখিত সাক্ষ্যে তিনি বলেন, ২০২৫ সালের জুনে পরিচালিত ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর মাধ্যমে ইরানের সমৃদ্ধকরণ সক্ষমতা কার্যত ধ্বংস হয়ে যায়। এরপর থেকে তেহরান এ সক্ষমতা পুনরুদ্ধারে কোনো পদক্ষেপ নেয়নি।

গ্যাবার্ডের এই মূল্যায়ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। ট্রাম্প ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে সামরিক পদক্ষেপের অন্যতম প্রধান কারণ হিসেবে তুলে ধরেছিলেন।

শুনানির সময় ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার প্রশ্ন তোলেন, কেন গ্যাবার্ড তার মৌখিক বক্তব্যে এই তথ্যটি উল্লেখ করেননি। জবাবে তিনি সময়স্বল্পতার কথা বলেন, তবে গোয়েন্দা মূল্যায়নটি অস্বীকার করেননি। ওয়ার্নার অভিযোগ করেন, ট্রাম্পের অবস্থানের সঙ্গে না মেলা অংশগুলো ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র প্রশাসন দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, ইরান একটি তাৎক্ষণিক পারমাণবিক হুমকি ছিল। তবে প্রশাসনের ভেতরেই এ নিয়ে ভিন্নমত দেখা দিচ্ছে।

এ প্রেক্ষাপটে, ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালক জো কেন্ট সম্প্রতি পদত্যাগ করেছেন। তিনি তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না এবং নীতিগত অবস্থান থেকে সরে আসার সমালোচনা করেন।

হোয়াইট হাউস দাবি করেছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও নৌ সক্ষমতা ব্যাপকভাবে দুর্বল হয়েছে। তবে গ্যাবার্ড তুলনামূলক সংযত অবস্থান নিয়ে বলেন, শীর্ষ নেতাদের ক্ষতি—যাদের মধ্যে আয়াতুল্লাহ আলী খামেনি, আলী লারিজানি এবং ইসমাইল খতিব রয়েছেন—সত্ত্বেও ইরানের রাষ্ট্রীয় কাঠামো এখনো টিকে আছে।

তিনি সতর্ক করে বলেন, ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলো এখনো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত হানার সক্ষমতা রাখে। পাশাপাশি আগামী কয়েক বছরে তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করতে পারে।

বর্তমান পরিস্থিতি এবং প্রশাসনের ভেতরের ভিন্নমুখী বক্তব্য ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে।

সূত্র: আল জাজিরা

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ