যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো আলোচনার পরিকল্পনা ইরানের নেই: আল জাজিরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের নতুন দফার আলোচনা আপাতত হচ্ছে না বলে জানিয়েছে আল জাজিরা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে বলা হয়েছে, ইসলামাবাদে কোনো বৈঠকে যোগ দেওয়ার পরিকল্পনা নেই তেহরানের।
আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো আলোচনার পরিকল্পনা ইরানের নেই। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে না, যার ফল কখনোই ইতিবাচক হবে না।
এর আগে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল যুদ্ধবিরতি ও উত্তেজনা কমানোর লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসতে পারে। এমনকি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে পৌঁছানোর কথাও বলা হয়েছিল।
তবে ইরানের অবস্থান জানার পর এই সম্ভাব্য বৈঠক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সময় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করে, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ প্রত্যাহার না করলে তারা কোনো আলোচনায় অংশ নেবে না।
গত কয়েক দিন ধরে দুই দেশের মধ্যে আলোচনার প্রস্তুতি চললেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে মার্কিন বাহিনীর হাতে একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ আটকের ঘটনায়। এর জবাবে ইরান হরমুজ প্রণালীতে আংশিক অবরোধ আরোপ করে।
বিবিসি জানিয়েছে, ওই ঘটনার পর ইসলামাবাদে সম্ভাব্য বৈঠকে ইরানের অংশগ্রহণ আরও অনিশ্চিত হয়ে পড়ে।
এদিকে উত্তেজনার মধ্যেই ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম দাবি করেছে, যুক্তরাষ্ট্রের একটি সামরিক জাহাজে হামলা চালিয়েছে ইরান।
এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে এবং শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে