হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার চলাচল আবারও বন্ধ করল ইরান
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল আবারও বন্ধ করল ইরান।
ইরানি গণমাধ্যমের বরাতে জানা গেছে, বুধবার (৮ এপ্রিল) দুপুরের পর থেকেই হরমুজ দিয়ে ট্যাংকার চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যুদ্ধবিরতির মধ্যে লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়ে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে—এমন অভিযোগের পরপরই এই সিদ্ধান্ত নেয় তেহরান।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি জানায়, হামলার পরপরই তাৎক্ষণিকভাবে এই পদক্ষেপ নেওয়া হয়। একই তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।
লেবাননে ইসরায়েলের সর্বশেষ হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২৫৪ জন নিহত এবং এ ঘটনায় আরও ১,১৬৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।
এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক যুদ্ধবিরতির ঘোষণা দেন এবং জানান, ইরান তাতে সম্মত হয়েছে। ওই সময় তেহরানের অনুমতিতে অন্তত দুটি তেলবাহী ট্যাংকার নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করতে পেরেছিল।
তবে নতুন করে হামলার ঘটনার পর পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে