মার্কিন হামলার পর কুয়েত ও বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দুই দেশ লক্ষ্য করে ছোড়া সাতটি ক্ষেপণাস্ত্র মার্কিন সামরিক বাহিনী প্রতিহত করেছে বলে আল জাজিরার লাইভ ব্লগে জানানো হয়েছে।
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, তারা এই অঞ্চলের ‘শত্রু ঘাঁটি’গুলোকে লক্ষ্য করে হামলা পরিচালনা করেছে। আইআরজিসির এই ঘোষণার আগে মার্কিন সামরিক বাহিনী জানায়, হরমুজ প্রণালির দিক থেকে ইরানের ছোড়া চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং ইরানের দক্ষিণ উপকূলে কেশম দ্বীপ ও গোরুকে অবস্থিত ইরানি উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলা চালানো হয়েছে।
ইরানি হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কুয়েত। এতে কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারওয়েজের ১১টি ফ্লাইট পার্শ্ববর্তী বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে আকাশপথে যান চলাচল পুনরায় শুরু হয়েছে।
এদিকে পৃথক একটি ঘটনায় ইসরায়েলি হামলায় লেবাননের দুইজন সেনা কর্মকর্তা ও একজন সৈনিক নিহত হয়েছেন। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে 'লেবাননের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন-নীতির সুস্পষ্ট লঙ্ঘন' বলে নিন্দা জানিয়েছেন। এই হামলার সময় ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে জোরপূর্বক বাসিন্দাদের উচ্ছেদের নির্দেশ জারি বহাল রাখে।
অন্যদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বিরুদ্ধে ইরানের পারমাণবিক কর্মসূচির তদারকিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আচরণের অভিযোগ তুলেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। তিনি দাবি করেন, সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন ও ইসরায়েলি হামলার বিষয়টি এড়িয়ে গেছেন।
সূত্র: আল জাজিরা*

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে