সরকারবিরোধী বিক্ষোভে জড়িত দুজনকে ফাঁসি দিল ইরান
চলতি বছরের জানুয়ারিতে ইরানজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে তেহরানে একটি সামরিক স্থাপনায় হামলা ও অস্ত্রাগারে প্রবেশের চেষ্টার দায়ে দোষী সাব্যস্ত দুই ব্যক্তিকে ফাঁসি দিয়েছে ইরান। রোববার (৫ এপ্রিল) ফার্স বার্তা সংস্থার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
নিহত দুজন হলেন মোহাম্মদ আমিন বিগলরি ও শাহিন ভাহেদিপারাস্ত। ফার্স তাদের 'শত্রুর এজেন্ট' বলে উল্লেখ করেছে।
জানুয়ারির ওই অস্থিরতা শুরু হয়েছিল অর্থনৈতিক সংকট থেকে। পরে তা দেশজুড়ে ছড়িয়ে পড়া এক আন্দোলনে রূপ নেয়, যেখানে ইসলামি প্রজাতন্ত্রের পতনের দাবি ওঠে। কর্তৃপক্ষের দমন-পীড়নে ১৯৭৯ সালের বিপ্লবের পর সবচেয়ে সহিংস সংঘর্ষগুলোর একটি ঘটে, যাতে হাজারো মানুষ প্রাণ হারান।
গত সপ্তাহে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, গত ২ এপ্রিল ঘেজেল হিসার কারাগারে কিশোর আমির হোসেন হাতামিকে ফাঁসি দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনে বিগলরি ও ভাহেদিপারাস্তকে ফাঁসির ঝুঁকিতে থাকা ব্যক্তিদের তালিকায় রাখা হয়েছিল। এ ছাড়া আলি ফাহিম ও আবুলফজল সেলেহি সিয়াভাশানি নামে আরও দুজন মৃত্যুদণ্ডের ঝুঁকিতে রয়েছেন বলেও উল্লেখ করা হয়। ইরানি কর্তৃপক্ষের দাবি, সরকার উৎখাতের লক্ষ্যেই বিদেশি এজেন্টরা ওই বিক্ষোভে অনুপ্রবেশ করেছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে