ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে আরেকজনের মৃত্যুদণ্ড কার্যকর
ইরানে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আরও একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম এরফান কিয়ানি। আইনি প্রক্রিয়া শেষে তার মৃত্যুদণ্ড বহাল রাখলে আজ ভোরে কিয়ানির ফাঁসি কার্যকর করে দেশটির সুপ্রিম কোর্ট।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, কিয়ানির বিরুদ্ধে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগ ছিল।
কর্তৃপক্ষের দাবি, সম্প্রতি দেশজুড়ে চলা অস্থিরতার সময় নাশকতা ও সহিংসতার সঙ্গে জড়িত ছিলেন কিয়ানি। তার বিরুদ্ধে সরকারি ও বেসরকারি সম্পত্তিতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। এছাড়া মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে আতঙ্ক ছড়ানোর পেছনেও তার ভূমিকা ছিল বলে জানানো হয়।
ইরানি কর্মকর্তারা তাকে মোসাদের একজন ‘ভাড়াটে এজেন্ট’ হিসেবে বর্ণনা করেছেন, যার মূল লক্ষ্য ছিল দেশটিতে অস্থিতিশীলতা তৈরি করা।
গুপ্তচরবৃত্তির অভিযোগে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটি দ্বিতীয় মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। এর আগে গত ১৮ মার্চ একই ধরনের অভিযোগে আরেক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।
উল্লেখ্য, ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা এবং অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যে ইরান প্রায়ই গুপ্তচরবৃত্তি ও নিরাপত্তা সংক্রান্ত অপরাধে এ ধরনের কঠোর শাস্তি কার্যকর করে থাকে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে