Views Bangladesh Logo

২০ আফগান নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ইরানে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত অন্তত ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিভিন্ন কারাগারে বন্দি এসব আফগান নাগরিককে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যকর করে ইরান। মানবাধিকার সংস্থা ইরানিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি জানায়, চলতি বছরে প্রায় প্রতি মাসেই অন্তত একজন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। একই সময়ে আরও অন্তত তিনজন আফগান নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

মাদকসংক্রান্ত অপরাধ, হত্যা, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে এসব মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

মানবাধিকার সংস্থাটি এসব মামলার বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের দাবি, অনেক মামলায় স্বচ্ছতার ঘাটতি ছিল। অভিযুক্তদের আইনজীবীদের প্রবেশাধিকার সীমিত ছিল এবং দণ্ডপ্রাপ্তদের পরিবারকেও মামলা ও তাদের বর্তমান অবস্থা সম্পর্কে পর্যাপ্ত তথ্য জানানো হয়নি।

প্রতিবেদনে বলা হয়, আফগান নাগরিকদের বেশিরভাগ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সিরাজের আবেলাবাদ কারাগার, তায়বাদ কারাগার, ইয়াজদ কারাগার এবং ইস্ফাহানের দাস্তগার্ড কারাগারে। এসব মৃত্যুদণ্ডের মধ্যে সবচেয়ে বেশি ছিল মাদকসংক্রান্ত অপরাধের মামলা।

এদিকে ইস্ফাহানের আলিখানি স্কয়ারে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গুল মোহাম্মদ ও কাইম হোসেনি নামে দুই আফগান নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে ওই এলাকায় বিক্ষোভ হয়েছিল।

এ ছাড়া আফসার শাহ-আহমাদি, সাফাই ও সদরুদ্দিন আহমেদাজাদ নামে আরও তিন আফগান নাগরিককে গত জুলাইয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের বিরুদ্ধে একটি থানা পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল।

মানবাধিকার সংস্থাটি আরও জানায়, এসব আফগান নাগরিকের অনেকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে প্রকাশ্যে কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে ইরানে ঠিক কতজন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তা নির্ভুলভাবে নির্ধারণ করা কঠিন।

এর আগে ২০২৫ সালে ইরানে অন্তত ৮৫ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: খামা প্রেস

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ