আইএসের দুই সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের অভিযোগে দোষী সাব্যস্ত ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর দুই সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মঙ্গলবার (১৪ জুলাই) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানা গেছে।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তির নাম মোহিয়েদ্দিন আবদুল্লাহি ও হোসেইন পালানি। রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, তারা ইরাক ও সিরিয়ায় আইএসের আঞ্চলিক পরাজয়ের পর গড়ে ওঠা একটি আইএস সেলের সদস্য ছিলেন। ওই সেলটি ইরানের অভ্যন্তরে হামলার পরিকল্পনা করছিল বলে অভিযোগ রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, পরিকল্পনা বাস্তবায়নের আগেই ইরাক সীমান্তসংলগ্ন বামো পার্বত্য এলাকায় সেলটির অবস্থান শনাক্ত করে ইরানের নিরাপত্তা বাহিনী। পরে সেখানে অভিযান চালিয়ে কয়েকজন জঙ্গিকে হত্যা করা হয় এবং অন্যদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) তিন সদস্য নিহত হন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পরে সশস্ত্র বিদ্রোহের অভিযোগে দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে আদালত। ইরানের সুপ্রিম কোর্ট সেই রায় বহাল রাখার পর ফাঁসির মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে মৃত্যুদণ্ড কোথায় কার্যকর হয়েছে, সে বিষয়ে দেশটির বিচার বিভাগ কোনো তথ্য প্রকাশ করেনি।
মতামত দিন