ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে 'সরাসরি কূটনৈতিক যোগাযোগ' ছিন্ন করল ইরান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারির পর ওয়াশিংটনের সঙ্গে সরাসরি সব কূটনৈতিক যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। মঙ্গলবার (৭ এপ্রিল) ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য নিশ্চিত করেছে।
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের মধ্যে চলমান ৩৮ দিনের যুদ্ধের আবহে এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের 'পুরো সভ্যতা ধ্বংস' করার হুমকি দিয়ে ট্রাম্পের দেওয়া আল্টিমেটামের সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে তেহরান এই কঠোর অবস্থান নেয়। এতে আজ রাতে কোনো সম্ভাব্য চুক্তিতে পৌঁছানোর পথ রুদ্ধ হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। সরাসরি আলোচনা বন্ধের মধ্য দিয়ে ইরান এই বার্তাই দিল যে, সামরিক চাপের মুখে তারা নতি স্বীকার করবে না।
কূটনৈতিক এই অচলাবস্থার মধ্যেই মঙ্গলবার ইরানের একাধিক কৌশলগত শহরে বিমান হামলার খবর পাওয়া গেছে। তেহরান, কোম, ইসফাহান, খোররামাবাদ ও শিরাজসহ বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) অভিযান চালিয়েছে। হামলায় ইরানের অন্তত ৮টি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস হয়েছে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন।
ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানিয়েছে, গত সপ্তাহে পাকিস্তানের মধ্যস্থতায় একটি গোপন চ্যানেলের মাধ্যমে দুই দেশের মধ্যে যোগাযোগ বজায় ছিল। এই চ্যানেলের সুবাদে কাতার থেকে এলএনজিবাহী দুটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে পেরেছিল। তবে ট্রাম্পের সাম্প্রতিক আল্টিমেটামের পর ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনার সুযোগও বন্ধ করে দিয়েছে।
মধ্যপ্রাচ্যের একজন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, হরমুজ প্রণালি খুলে দেওয়ার ট্রাম্পের দাবির বিপক্ষে নিজেদের অনমনীয় অবস্থান জানাতেই তেহরান এই পদক্ষেপ নিয়েছে। তবে সরাসরি আলোচনা বন্ধ হলেও পরোক্ষ যোগাযোগের পথ এখনো পুরোপুরি রুদ্ধ হয়নি বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, কূটনৈতিক প্রক্রিয়া ব্যর্থ হওয়ায় যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারিত হবে রণক্ষেত্রের শক্তি প্রদর্শনের মাধ্যমে। তেহরানের এই সিদ্ধান্তকে একটি স্পষ্ট সামরিক বার্তা হিসেবে দেখা হচ্ছে এবং যুদ্ধবিরতির পরিকল্পনাগুলো এখন কার্যকারিতা হারিয়েছে। সব মিলিয়ে এই অঞ্চলে সংঘাত আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা বাড়ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে