Views Bangladesh Logo

ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি দ্রুত শেষ হতে পারে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির দ্রুত অবসান হতে পারে। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বলেও দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (৩১ মার্চ) নিউইয়র্ক পোস্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং হরমুজ প্রণালি নিয়ে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, মার্কিন বাহিনীর অভিযানের মুখে ইরানের পাল্টা প্রতিরোধের সক্ষমতা প্রায় শেষ হয়ে এসেছে। ট্রাম্পের ভাষ্য, ‘আমরা সেখানে আর খুব বেশি দিন থাকব না। তবে ইরানের অবশিষ্ট সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস করতে আরও কিছু কাজ বাকি রয়েছে।’

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে বলেও দাবি করেন তিনি। তার মতে, দেশটির সামরিক শক্তি এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি পুনরায় সচল করার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। বর্তমানে এই জলপথে নৌ চলাচল ব্যাহত থাকলেও খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমার বিশ্বাস, হরমুজ প্রণালি খুব দ্রুতই খুলে যাবে। আমরা দেশটিকে ব্যাপকভাবে দুর্বল করে দিয়েছি। যেসব দেশ এই জলপথ ব্যবহার করে, তারাই এখন এগিয়ে এসে এটি সচল করার ব্যবস্থা করবে।’

বিশ্বের জ্বালানি তেল সরবরাহের বড় একটি অংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ট্রাম্পের মতে, তেল বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলো এই পথ খুলে দিতে পারলে সবচেয়ে বেশি লাভবান হবে।

তিনি আরও ইঙ্গিত দেন, ইরান এখন আর বড় ধরনের হুমকি তৈরি করার অবস্থায় নেই। ফলে আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহারে বিদ্যমান বাধা দ্রুত কাটতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ