তেহরানে হামলায় আলী লারিজানি নিহত: ইরান
ইরানের প্রভাবশালী নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।
মঙ্গলবার (১৭ মার্চ) রাতে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে একই দিন সকালে ইসরায়েল দাবি করেছিল, রাজধানী তেহরানে লক্ষ্যভেদী বিমান হামলায় লারিজানিকে হত্যা করা হয়েছে।
আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের খবরে বলা হয়েছে, দায়িত্ব পালনরত অবস্থায় লারিজানি ‘শাহাদাত’ বরণ করেছেন। হামলায় তার ছেলে মোর্তজা লারিজানি, কার্যালয়ের প্রধান আলিরেজা বায়াত এবং কয়েকজন দেহরক্ষীও নিহত হয়েছেন।
দীর্ঘ কয়েক দশক ধরে ইরানের পরমাণু নীতি ও কৌশলগত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন লারিজানি।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, গত ২৮ ফেব্রুয়ারি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর লারিজানিই দেশটির কার্যত নেতৃত্বে ছিলেন। তিনি সাবেক স্পিকার হওয়ার পাশাপাশি সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
এদিকে পৃথক আরেক হামলায় ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের প্রধান গোলামরেজা সোলেইমানিও নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ইরানের নিরাপত্তা কাঠামোর এই দুই শীর্ষ ব্যক্তির মৃত্যু চলমান সংঘাতে দেশটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনাকে ‘সন্ত্রাসী শাসনের’ বিরুদ্ধে বড় সফলতা বলে মন্তব্য করেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে