Views Bangladesh Logo

আইআরজিসি নৌবাহিনীর কমান্ডারের মৃত্যু নিশ্চিত করল ইরান

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) তাদের নৌবাহিনীর শীর্ষ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরির মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

সোমবার (৩০ মার্চ) ইরানি গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে জানানো হয়, গত বৃহস্পতিবার এক ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন।

আলিরেজা তাংসিরি আইআরজিসির একজন অভিজ্ঞ ও কট্টরপন্থী সামরিক নেতা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ইরানের সামুদ্রিক প্রতিরক্ষা ও রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। তার মৃত্যু চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরানের সামরিক নেতৃত্বের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

মার্কিন ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, তার ওপর ২০১৯ ও ২০২৩ সালে দুই দফায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তিনি আইআরজিসি নৌবাহিনীর ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার তদারকি করতেন এবং ড্রোন প্রযুক্তি সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।

তার নেতৃত্বেই হরমুজ প্রণালিতে ইরান শক্ত অবস্থান তৈরি করে। বৈশ্বিক জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হয়। সাম্প্রতিক উত্তেজনায় এ পথের নৌচলাচলও মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।

বিশ্লেষকদের মতে, তার অনুপস্থিতি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি অঞ্চলে ইরানের নৌ তৎপরতায় সাময়িক প্রভাব ফেলতে পারে। তবে আইআরজিসি জানিয়েছে, তাদের এই শীর্ষ কমান্ডারের মৃত্যু বৃথা যাবে না এবং তার দেখানো পথেই তারা প্রতিরোধ চালিয়ে যাবে।

বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত চরমে পৌঁছেছে, যা আকাশ ও স্থলপথের পাশাপাশি সমুদ্রপথেও বিস্তৃত হয়েছে। এ হামলার পর তেহরান ও তেল আবিবের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

ইরান ইতোমধ্যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ