যুক্তরাষ্ট্রের অবরোধের জেরে ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
যুক্তরাষ্ট্রের অব্যাহত অবরোধের জবাবে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। শনিবার (১৮ এপ্রিল) ইরানি সেনাবাহিনী জানায়, কৌশলগত এই জলপথের নিয়ন্ত্রণ পূর্বাবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। এ সময় একটি বাণিজ্যিক জাহাজ হরমুজ অতিক্রম করতে গেলে ইরানি গানবোট থেকে গুলি চালানোর খবর পাওয়া গেছে।
এর কয়েক ঘণ্টা আগে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তির পর সেখান দিয়ে এক ডজনেরও বেশি বাণিজ্যিক জাহাজ পার হয়।
এক বিবৃতিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)জানায়, যুক্তরাষ্ট্রের অবরোধকে তারা ‘সমুদ্র দস্যুতা ও সামুদ্রিক চুরি’ হিসেবে দেখছে। হরমুজের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সশস্ত্র বাহিনীর কঠোর তত্ত্বাবধানে রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘যতক্ষন যুক্তরাষ্ট্র ইরান থেকে যাওয়া এবং ফিরে আসা জাহাজগুলোর পূর্ণ স্বাধীনতা নিশ্চিত না করবে, ততক্ষণ হরমুজ প্রনালির অবস্থা আগের মতোই এবং কঠোর নিয়ন্ত্রণে থাকবে।”
এএফপি জানায়, স্থানীয় সময় শনিবার সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত অন্তত আটটি তেল ও গ্যাসবাহী ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। তবে সমান সংখ্যক জাহাজ উপসাগর থেকে বের হতে গিয়ে ফিরে গেছে।
টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক পরিবহন বিশেষজ্ঞ জন-পল রদ্রিগ বলেন, ‘হরমুজ প্রণালি বন্ধের ঘোষণার পর থেকে জাহাজগুলো পার হওয়ার চেষ্টা করছে, কিন্তু পরিস্থিতি অস্পষ্ট হওয়ায় অনেকেই ফিরে যাচ্ছে। সব পক্ষ থেকেই পরস্পরবিরোধী তথ্য প্রকাশিত হচ্ছে।’
সূত্র: আল-জাজিরা

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে