Views Bangladesh Logo

বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটির রাডারে ইরানের হামলা

বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির রাডার স্থাপনায় হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

হামলার দায় স্বীকার করে আইআরজিসি জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক বন্দরে একটি টেলিযোগাযোগ টাওয়ারে বৃহস্পতিবার রাতে হামলা চালায় প্রতিপক্ষ। ওই ঘটনার জবাব দিতেই কয়েক ঘণ্টার মধ্যে বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা অভিযান পরিচালনা করা হয়।

আইআরজিসির বিবৃতিতে হামলাটিকে শত্রুপক্ষের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে আরও বড় পরিসরে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স যেকোনো পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত বলেও বিবৃতিতে জানানো হয়।

ইরানের আইআরজিসি-ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির দাবি, ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটির রাডার স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র কিংবা বাহরাইন সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর অভিযান পরিচালনা ও সমন্বয়ের ক্ষেত্রে এই ঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্য উপসাগর, লোহিত সাগর ও আরব সাগর অঞ্চলে মার্কিন নৌ-তৎপরতা পরিচালনায় এটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে।

এদিকে হামলার পর ঘাঁটির ক্ষয়ক্ষতির বিষয়টি সামনে এসেছে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ঘাঁটির একাধিক রাডার ডোম ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি কয়েকটি ভবনেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনাগুলো একাধিকবার ইরানি হামলার লক্ষ্যবস্তু হয়েছে। তবে গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেনি। শুক্রবারের অভিযান সেই বিরতির অবসান ঘটাল।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় নতুন করে হামলার ঘটনা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। তবে হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি এবং এর পরবর্তী সামরিক প্রতিক্রিয়া সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ