১৫ দিনের যুদ্ধে ২০০-এর বেশি মার্কিন সেনা নিহতের দাবি ইরানের
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সংঘাতে ২০০ জনের বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন। একই সঙ্গে পেন্টাগন প্রকৃত হতাহতের সংখ্যা গোপন করছে বলেও অভিযোগ করেছে সংস্থাটি। যদিও এ দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং স্বাধীনভাবে এ তথ্যও যাচাই করা সম্ভব হয়নি।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, ‘অপারেশন ভিক্টরি–২’ চলাকালে ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি ও হতাহতের প্রকৃত সংখ্যা ওয়াশিংটনের প্রকাশিত তথ্যের তুলনায় অনেক বেশি। ওই অভিযানে ২০০ জনের বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা আরও অনেক বেশি।
মোহেবি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার শিকার মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সাংবাদিকদের প্রবেশের অনুমতি দিলে প্রকৃত পরিস্থিতি স্পষ্ট হয়ে যাবে।
আইআরজিসির দাবি অনুযায়ী, ‘অপারেশন ভিক্টরি–২’-এ আটটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়। এর মধ্যে একটি ঘাঁটির অন্তত ২০টি স্থাপনা ও বিমান হ্যাঙ্গারে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এসব হামলায় ১১টি মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার, ১৭টি গোয়েন্দা ও অপারেশনাল ড্রোন, একটি এফ-১৫ যুদ্ধবিমান, একটি পি-৮ সামুদ্রিক টহল বিমান, একটি সি-১৭ পরিবহন বিমান এবং আটটি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান ধ্বংস হয়েছে।
অন্যদিকে, পেন্টাগন এর আগে জানিয়েছিল, সংঘাতে ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। পরে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম সংশোধিত তথ্যের ভিত্তিতে নিহতের সংখ্যা ১৪ জন বলে জানায়। যুক্তরাষ্ট্র নিহত কয়েকজন সেনাসদস্যের নাম ও ছবিও প্রকাশ করেছে।
তবে আইআরজিসির সর্বশেষ দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। একই সঙ্গে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের দাবি করা হতাহতের সংখ্যা কিংবা সামরিক সরঞ্জাম ধ্বংসের তথ্য তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
মতামত দিন