কাতার, জর্ডান ও আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাহরাইনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। রোববার (১২ জুলাই) সকালে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে এ তথ্য জানায়।
আইআরজিসির দাবি, জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটি লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, হামলায় ঘাঁটির কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং মার্কিন ড্রোন সংরক্ষণের কয়েকটি হ্যাঙ্গার ধ্বংস হয়েছে।
ইরান বলেছে, দক্ষিণাঞ্চলে মার্কিন সামরিক হামলা এবং টেলিযোগাযোগ অবকাঠামো ধ্বংসের জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে আইআরজিসি জানিয়েছে, ভবিষ্যতে নতুন কোনো হামলা হলে আরও কঠোর জবাব দেওয়া হবে।
তবে জর্ডানের ওই ঘাঁটিতে হামলার বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
এদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
একই ধরনের পরিস্থিতির কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতও। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ভোর থেকে শোনা বিস্ফোরণের শব্দ মূলত ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় অভিযানের ফল। একই সঙ্গে নাগরিকদের শান্ত থাকার এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
অন্যদিকে বাহরাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশজুড়ে বিমান হামলার সতর্কতা জারি করে সাইরেন বাজিয়েছে। পাশাপাশি নাগরিকদের দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইরানের দাবিগুলোর বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে পূর্ণাঙ্গ স্বাধীন যাচাই বা ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক বিবরণ এখনো প্রকাশ করা হয়নি।
মতামত দিন