ইরানের নিয়ন্ত্রণে হরমুজ, টোল দিতে হবে রিয়ালে: তেহরান
নতুন করে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবায়ি দাবি করেছেন, এই প্রণালি সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণাধীন এবং এখানে চলাচলের জন্য টোল দিতে হবে—যা ইরানি মুদ্রা ‘রিয়ালে’ পরিশোধ করতে হবে।
ইরানের রাষ্ট্রায়ত্ত মেহের নিউজ এজেন্সির বরাতে এ তথ্য প্রকাশ করেছে বিবিসি। হাজি বাবায়ি আরও বলেন, হরমুজ প্রণালি তেহরানের জন্য রেড লাইন এবং এর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ সম্পূর্ণ ইরানের হাতে।
বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়, ফলে এটি বৈশ্বিক জ্বালানি ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে পাকিস্তানে ইরানের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হরমুজ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি, যদিও আলোচনায় এটি অন্যতম বড় ইস্যু ছিল বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি শিগগিরই খুলে দেওয়া হবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের নৌবাহিনীর দুটি ডেস্ট্রয়ার প্রণালি অতিক্রম করেছে এবং সমুদ্রপথ মাইনমুক্ত করার মিশনে কাজ করছে।
তবে ইরান এই দাবি অস্বীকার করেছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, কোনো মার্কিন জাহাজ প্রণালি অতিক্রম করেনি। একই সঙ্গে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে সামরিক জাহাজ চলাচলের যেকোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে