মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যে ইরানের বন্দর আব্বাসের আকাশে একটি মার্কিন ‘লুকাস’ ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলের হরমোজগান প্রদেশের বন্দর আব্বাস কাউন্টির হাজিয়াবাদ এলাকার আকাশে একটি শত্রুভাবাপন্ন ড্রোন শনাক্ত করার পর বিমান প্রতিরক্ষা ইউনিট সেটিকে সফলভাবে ধ্বংস করে। দেশের আকাশসীমা সুরক্ষিত রাখতে দায়িত্ব পালনরত ইউনিটগুলো এ অভিযান পরিচালনা করে বলে দাবি করা হয়েছে।
এ ঘটনার কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্র ইরানের বুশেহর, খুজেস্তান ও হরমোজগান প্রদেশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও অবকাঠামোগত স্থাপনায় নতুন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়। এসব হামলায় তেহরান ও মাশহাদের মধ্যকার গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।
এর জবাবে বাহরাইন, কুয়েত ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেহরান। একই সঙ্গে পাকিস্তানের মধ্যস্থতায় গত ১৭ জুন স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগও ওয়াশিংটনের বিরুদ্ধে তুলেছে ইরান।
তবে ড্রোন ভূপাতিত হওয়া এবং উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি
মতামত দিন