Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রের দুটি বিমান ও দুটি হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের

নিখোঁজ পাইলটদের উদ্ধারের সময় যুক্তরাষ্ট্রের দুটি সি-১৩০ পরিবহন বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার এ সংক্রান্ত কিছু ভিডিও ফুটেজ অনলাইনে প্রকাশিত হয়। ভেরিফায়েড একাধিক ছবি ও ভিডিওতে ইরানের মধ্যাঞ্চলের একটি পার্বত্য এলাকায় ধোঁয়া ওঠা বিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে। ছবিগুলোর পেছনে পাহাড়ি চূড়াও দৃশ্যমান। গুগল আর্থের থ্রি-ডি বিশ্লেষণের মাধ্যমে বিবিসি নিশ্চিত করেছে, ধ্বংসাবশেষটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, দক্ষিণ ইসফাহানের একটি পরিত্যক্ত বিমানবন্দর থেকে মার্কিন বিমান ও হেলিকপ্টার পালানোর সময় সেগুলো ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সিবিএস নিউজ জানিয়েছে, অভিযানে ব্যবহৃত দুটি পরিবহন বিমান শত্রুর হাতে পড়ার আশঙ্কায় মার্কিন বাহিনী নিজেরাই ধ্বংস করে দিয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইরানের কোনো দাবিই স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।

এদিকে, নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারের অভিযান ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযানের সফলতার দাবি করলেও ইরান তা প্রত্যাখ্যান করেছে।

ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর ‘খাতামুল আম্বিয়া’র মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ভূপাতিত বিমানের পাইলটকে উদ্ধারে মার্কিন বাহিনীর প্রচেষ্টা ইরানি বাহিনীর প্রতিরোধে ব্যর্থ হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, অভিযানের সময় মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। অন্যদিকে ইরান দাবি করেছে, এই অভিযানের সাফল্যের কথা প্রচার করে যুক্তরাষ্ট্র তাদের পরাজয় আড়াল করার চেষ্টা করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ