১৫ দিনের সংঘাতে ১১ মার্কিন বিমান ও ১৭ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের
যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনব্যাপী সংঘাতে ১১টি মার্কিন সামরিক বিমান ও হেলিকপ্টার এবং ১৭টি উন্নত নজরদারি ও অপারেশনাল ড্রোন ধ্বংস করার দাবি করেছে ইরান।
শনিবার (২৫ জুলাই) দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর এক বিবৃতিতে এ দাবি করা হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা ও মেহর নিউজ এজেন্সি এই বিবৃতি প্রচার করেছে।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেন, ৮ থেকে ২২ জুলাই পর্যন্ত ১৫ দিনের ইরানি হামলায় একটি এফ-১৫ যুদ্ধবিমান, একটি পি-৮ মেরিটাইম প্যাট্রোল বিমান, একটি সি-১৭ সামরিক পরিবহন বিমান, আটটি আকাশ থেকে জ্বালানি সরবরাহকারী ট্যাংকার বিমান এবং কয়েকটি হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, সংঘাতে মোট ১৭টি মার্কিন ড্রোন ধ্বংস করা হয়েছে। এর মধ্যে আটটি ড্রোন এখনো মোতায়েন করা হয়নি এবং এগুলো সংযোজনের অপেক্ষায় ছিল।
তবে আইআরজিসির এই দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি মার্কিন কর্তৃপক্ষ।
এর আগে চলতি মাসে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বাড়ে। এরপর গত ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি আর কার্যকর নেই। এরপর থেকে উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। এরপর থেকে হরমুজ প্রণালির সামুদ্রিক নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।
এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক মার্কিন বিমান হামলায় ৫৯ জন নিহত এবং ৫৯২ জন আহত হয়েছেন।
মেহর নিউজ এজেন্সি জানায়, হতাহতের এই পরিসংখ্যান প্রকাশ করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কেন্দ্রের প্রধান হোসেইন কেরমানপুর।
মতামত দিন