Views Bangladesh Logo

পাল্টা হামলায় ২৪ ঘণ্টায় ২২০ মার্কিন সেনা হতাহত, দাবি ইরানের

গত ২৪ ঘণ্টায় ইরানের সশস্ত্র বাহিনীর পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের প্রায় ২২০ জন সেনা ও কমান্ডার নিহত বা আহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র। তিনি আরও জানান, এতে মার্কিন সামরিক স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

শনিবার (৭ মার্চ) এক বিবৃতিতে ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাগারি জানান, বাহরাইনে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ওপর হামলায় ২১ জন মার্কিন সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমানঘাঁটিতে চালানো হামলায় প্রায় ২০০ মার্কিন সেনা নিহত ও আহত হয়েছে।

এছাড়া পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি তেলবাহী জাহাজকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানান তিনি।

প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলার প্রায় আট মাস আগে ইরানের ভূখণ্ড ও পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছিল।

ইরানের দাবি অনুযায়ী, ওই হামলায় ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি ও বেশ কয়েকজন সামরিক কমান্ডার নিহত হন। এছাড়া নিহত হন নারী ও শিশুসহ শতাধিক বেসামরিক নাগরিকও।

এর প্রতিক্রিয়ায় দ্রুত পাল্টা ব্যবস্থা নেয় এবং ইসরায়েল নিয়ন্ত্রিত অঞ্চল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে ইরান।

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের হামলা শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক স্থাপনা ও স্বার্থের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। তারা বলছেন, আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ইরানের কোনো শত্রুতা নেই এবং তাদের সার্বভৌমত্বকে সম্মান করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ