হরমুজ প্রণালীতে মাইন বসানো শুরু করেছে ইরান
বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহণ রুট হরমুজ প্রণালীতে মাইন বসানো শুরু করেছে ইরান। মার্কিন গোয়েন্দা সংস্থার নতুন তথ্য অনুযায়ী, গত কয়েকদিনে সেখানে কয়েক ডজন মাইন স্থাপন করেছে ইরানি বাহিনী।
মার্কিন দুই গোয়েন্দা কর্মকর্তা সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, আগে ইরান মাইন বসানোর প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হলেও এখন নিশ্চিত হওয়া গেছে যে ইতিমধ্যে তা স্থাপন শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত খুব বেশি মাইন বসানো হয়নি।
গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, মাইন বসানোর জন্য ব্যবহৃত ছোট জাহাজ ও সরঞ্জামের প্রায় ৮০ শতাংশ এখনও ব্যবহার করা হয়নি। অর্থাৎ চাইলে অল্প সময়ের মধ্যেই হরমুজ প্রণালীজুড়ে আরও হাজার হাজার মাইন স্থাপন করতে পারে ইরান।
সিএনএন জানিয়েছে, বর্তমানে ইরানের নৌবাহিনীর পাশাপাশি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ রয়েছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর কাছেও। তাদের কাছে এমন অস্ত্র রয়েছে, যার মাধ্যমে পুরো প্রণালীজুড়ে মাইনের জাল তৈরি করা সম্ভব।
এ ছাড়া জাহাজ লক্ষ্য করে বিস্ফোরক বোঝাই ছোট নৌকা এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করেও সেখানে শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারে তারা।
এর আগে গত সপ্তাহে এক সতর্কবার্তায় বিপ্লবী গার্ড জানিয়েছিল, হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে সেটিকে জ্বালিয়ে দেওয়া হবে।
সূত্র: সিএনএন

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে