হরমুজে মার্কিন চুক্তিবদ্ধ বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা, আহত কয়েকজন
হরমুজ প্রণালির কাছাকাছি জলসীমায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিবদ্ধ একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। চলতি সপ্তাহের শুরুর দিকে হওয়া ওই হামলায় জাহাজের বেশ কয়েকজন ক্রু আহত হয়েছেন বলে বুধবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে। তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এ খবর প্রকাশ করেছে।
ফক্স নিউজকে বিষয়টি নিশ্চিত করে এ সম্পর্কে অবগত দুটি সূত্র জানিয়েছে, হামলায় চারটি ইরানি ড্রোন ও অন্তত একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র সরাসরি জাহাজটিতে আঘাত হানে।
হামলায় জাহাজের কর্মীদের সামান্য শারীরিক আঘাত ও ধোঁয়ায় শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিয়েছে। আহতদের বর্তমানে উপসাগরীয় অঞ্চলের একটি অজ্ঞাত দেশে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সময় জাহাজটিতে বেশ কয়েকজন মার্কিন কর্মীও উপস্থিত ছিলেন।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে থাকা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ বিষয়ে আনাদোলুর মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিক জবাব দেয়নি। ইউএস নেভাল ফোর্সেস সেন্ট্রাল কমান্ডও প্রশ্নটি সেন্টকমের কাছে পাঠিয়েছে।
ঘটনাটি নিয়ে ওয়াশিংটন বা তেহরান কোনো পক্ষই আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
মতামত দিন