হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ ঘোষণা ইরানের
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর অভিজাত ইউনিট ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, চলমান লাইভ সামরিক মহড়ার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইআরজিসি জানায়, মহড়া চলাকালীন সময় পর্যন্ত প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্থগিত থাকবে। মহড়া শেষ হলে পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় নৌযান চলাচল চালু করা হবে। তবে ঠিক কবে মহড়া শেষ হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।
এর আগে আইআরজিসির কমান্ডার ও মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাঙ্গসিরি ইঙ্গিত দিয়েছিলেন যে হরমুজ প্রণালীতে বড় ধরনের লাইভ মহড়া আয়োজনের প্রস্তুতি চলছে। তিনি বলেন, মহড়া চলাকালীন নিরাপত্তার স্বার্থে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, প্রণালী পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত রাজনৈতিক নেতৃত্বের ওপর নির্ভর করবে।
আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করা হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক তেল ও তরল প্রাকৃতিক গ্যাস পরিবহনের প্রায় ২০ শতাংশ এই রুটের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে প্রণালী সাময়িকভাবে বন্ধের ঘোষণায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে উদ্বেগ তৈরি হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে