Views Bangladesh Logo

অভিযান স্থগিতের ঘোষণা ইরানের, ইসরায়েল হামলা চালালে কঠোর জবাবের হুঁশিয়ারি

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। তবে সতর্ক করে বলা হয়েছে, ইসরায়েল ইরান বা লেবাননে আবার হামলা চালালে আগের চেয়ে আরও কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে।

ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের বিবৃতিতে বলা হয়, ‘সশস্ত্র বাহিনীর চলমান অভিযান সমাপ্তির ঘোষণা দেওয়া হলো।’ ইরানি আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে।

ইরানের এই ঘোষণার কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবিলম্বে হামলা বন্ধ ও যুদ্ধবিরতির আহ্বান জানান।

সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ইরান ও ইসরায়েল এখন ‘অবিলম্বে যুদ্ধবিরতির দিকে এগোচ্ছে’ এবং কারও বোকামি বাধা হয়ে না দাঁড়ালে শান্তি প্রতিষ্ঠার চূড়ান্ত আলোচনা এগিয়ে চলছে।

উল্লেখ্য, রোববার রাতে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হলে গত এপ্রিলে কার্যকর হওয়া যুদ্ধবিরতি হুমকির মুখে পড়ে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত বিবৃতিতে ইরানি সশস্ত্র বাহিনী বলেছে, সবশেষ অভিযান থেকে ইসরায়েলি শাসকগোষ্ঠী ও তাদের সমর্থকদের শিক্ষা নিতে হবে। আগ্রাসন ও শত্রুতামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকলে আগের চেয়ে আরও ধ্বংসাত্মক পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে ইসরায়েলে অভিযান চালানোর জন্য ইরান ও ইয়েমেনকে ধন্যবাদ দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এক বিবৃতিতে তারা বলেছে, ইসরায়েলের লাগামহীন আগ্রাসনই আঞ্চলিক উত্তেজনা ও আন্তর্জাতিক অঙ্গনে বিপজ্জনক প্রতিক্রিয়ার কারণ। সূত্র: বিবিসি, ফার্স নিউজ এজেন্সি

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ