Views Bangladesh Logo

হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশসহ পাঁচটি দেশের জাহাজ চলাচলে অনুমতি দেওয়ার কথা জানিয়েছে ইরান। দেশটির তথ্যমতে, নির্দিষ্ট ‘বন্ধুরাষ্ট্র’গুলোর জন্য এই জলপথ খোলা রাখা হয়েছে।

ইরানের এই তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, চীন, রাশিয়া এবং পাকিস্তান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পশ্চিমা গণমাধ্যমে প্রচারিত ‘প্রণালি পুরোপুরি বন্ধ’—এমন দাবি সঠিক নয়।

তিনি জানান, যেসব দেশকে ইরান ‘বন্ধু’ হিসেবে বিবেচনা করে বা বিশেষ অনুমতি দিয়েছে, তাদের জাহাজ নিরাপদে চলাচল করছে।

তিনি আরও বলেন, চীন, রাশিয়া, পাকিস্তান ও ভারতের জাহাজ ইতোমধ্যে এই পথ দিয়ে চলাচল করেছে। বাংলাদেশও এ তালিকায় রয়েছে বলে আমি বিশ্বাস করি।

বিশ্বের জ্বালানি সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে বৈশ্বিক তেলের প্রায় এক-পঞ্চমাংশ এবং বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন করা হয়। তবে সাম্প্রতিক সংঘাতের কারণে এই পথে চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

ইরান স্পষ্ট করেছে, যারা সরাসরি সংঘাতে জড়িত বা শত্রুপক্ষ হিসেবে বিবেচিত—বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—তাদের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এদিকে, ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই প্রণালিতে নজরদারি জোরদার করেছে। অনুমতি ছাড়া চলাচল করলে জাহাজ ফিরিয়ে দেওয়া বা আটক করার ঘটনাও ঘটছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে এই নিয়ন্ত্রণ বৈশ্বিক জ্বালানি বাজার ও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলছে। ইতোমধ্যে জ্বালানির দাম বৃদ্ধি এবং সরবরাহ সংকটের আশঙ্কা দেখা দিয়েছে বিশ্বজুড়ে। সূত্র: এনডিটিভি

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ