ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি নাকচ করল আইওসি
বিশ্বকাপ চলাকালে বিতর্কের জন্ম দেওয়া ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে করা তদন্তের আবেদন নাকচ হয়েছে। আইওসি জানিয়েছে, অভিযোগটি ফিফার অভ্যন্তরীণ শাসনব্যবস্থা ও সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত হওয়ায় এ বিষয়ে তদন্ত করার এখতিয়ার তাদের নেই।
বিশ্বকাপ শেষে মানবাধিকারভিত্তিক সংস্থা ফেয়ারস্কয়ার ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসির কাছে অভিযোগ জমা দেয়। তাদের দাবি ছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি প্রকাশ্য সমর্থন দেখিয়ে ইনফান্তিনো অলিম্পিক সনদে উল্লেখিত রাজনৈতিক নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করেছেন। ২০২০ সাল থেকে তিনি আইওসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিতর্কের সূত্রপাত হয় বিশ্বকাপের রাউন্ড অব ১৬-তে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে। ওই ম্যাচে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুন লাল কার্ড দেখায় পরবর্তী কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে তার নিষিদ্ধ থাকার কথা ছিল। তবে পরে ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে সেই এক ম্যাচের নিষেধাজ্ঞা ১২ মাসের জন্য স্থগিত করা হয় বলে অভিযোগ ওঠে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ফিফা এবং ইনফান্তিনো তীব্র সমালোচনার মুখে পড়েন।
ফেয়ারস্কয়ার অভিযোগে উল্লেখ করে, ট্রাম্পের প্রভাবের কাছে নতি স্বীকার করে ইনফান্তিনো অলিম্পিক সনদের দ্বিতীয় ধারার পরিপন্থী আচরণ করেছেন। ওই ধারায় বলা হয়েছে, আইওসির সদস্যরা কোনো সরকার, সংস্থা বা অন্য কোনো পক্ষের এমন নির্দেশনা গ্রহণ করতে পারবেন না, যা তাদের স্বাধীন সিদ্ধান্ত বা ভোটকে প্রভাবিত করে।
তবে আইওসি এক বিবৃতিতে জানিয়েছে, অভিযোগটি মূলত ফিফার শাসনব্যবস্থা, সরকারের সঙ্গে সম্পর্ক এবং ফুটবলের নিয়ম প্রয়োগসংক্রান্ত সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত। এসব বিষয় আইওসির নৈতিকতা বিধির আওতায় পড়ে না। ফলে ফিফা বা তাদের কর্মকর্তাদের এমন কর্মকাণ্ড তদন্ত করার এখতিয়ার আইওসির নেই।
এদিকে বিষয়টি নিয়ে চাপ বাড়ছে ফিফার ওপর। নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ) বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফার নৈতিকতা কমিটিতে আনুষ্ঠানিক অভিযোগ করার বিষয়টি বিবেচনা করছে।
এনএফএফ সভাপতি লিসে ক্লাভেনেস বিবিসিকে বলেন, ঘটনাটি নিয়ে তাদের সংস্থা গভীর উদ্বেগে রয়েছে। আগামী বোর্ড সভায় ফিফার নৈতিকতা কমিটিতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সূত্র: আল জাজিরা
মতামত দিন