Views Bangladesh Logo

বিডিআর হত্যাকাণ্ড

৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিডিআর হত্যাকাণ্ডে ন্যায়বিচার নিশ্চিত করতে কমিটি গঠনের কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন, বিডিআর হত্যাকাণ্ডে পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই কাজ করে যাচ্ছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিডিআর হত্যাকাণ্ডে আমি শুরু থেকেই ন্যায়বিচার চেয়ে আসছি। এ বিষয়ে গত ২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবার এবং ৪ নভেম্বর বিজিবির সদর দপ্তর পরিদর্শনের সময় দ্বিতীয় বার ঘোষণা দিয়েছি, যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

তদন্ত কমিটিতে কারা থাকবেন?-এ প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্রবাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে এই কমিটি গঠন করা হবে। কমিটির সদস্য সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি। সদস্য ৫ জন, ৭ জন, ৯ জনও হতে পারে। তবে সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা একটু বেশি থাকবে।

তাহলে কি পুনঃ তদন্তের দিকে যাচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেই আদেশ দিতে পারেন আদালত। আর আমরা শুধু একটা প্রেস ইনকোয়ারি করতে পারি।

কতদিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা ৫ কার্যদিবসের সময় বলব। আগে কমিটি গঠনের জন্য নামগুলো নিতে হবে। আপনারা জানেন এসব কমিটিতে সবাই আসতে চায় না। এটা একটা সমস্যা। নাম সংগ্রহে যদি সময় না লাগত তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যেতো। নাম পাওয়ার পর তাদের সঙ্গে আলোচনা করে তারপর আমরা সময়টা বলতে পারব।

কাজের পরিধি কি হবে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা তাদের সঙ্গে আলোচনার পর বলতে পারব।

বিডিআর হত্যাকাণ্ডে কমিটি না কমিশন হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বসার পর যদি মনে হয় কমিটি না কমিশন হবে। প্রয়োজন যেটা সেটাই করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ