Views Bangladesh Logo

মানহানি মামলায় ইনু, মেনন ও বিচারপতি মানিকের জামিন

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা মানহানি মামলায় জামিন পেয়েছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন এবং সুপ্রিম কোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।

আদালত সূত্রে জানা গেছে, হাসানুল হক ইনুকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে হাজির করা হয়। অপর দুই আসামি মেনন ও বিচারপতি মানিককে হাজিরার জন্য আদালতে আনা হয়। শুনানি শেষে ইনুকে গ্রেপ্তার দেখানো হলেও পরবর্তীতে তিন আসামির পক্ষ থেকে জামিন আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

গত ২১ জানুয়ারি একই মামলায় মেনন ও মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছিল। এর আগে ২০২৪ সালের ২২ আগস্ট আইনজীবী জিয়াউল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)–কে তদন্তের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, বিচারপতি মানিক ২০২২ সালের ৩ অক্টোবর একটি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে জিয়াউর রহমানকে ‘রাজাকার ও যুদ্ধাপরাধী’ হিসেবে উল্লেখ করেন। এছাড়া বিভিন্ন সময়ে সেমিনার ও অনুষ্ঠানে অংশ নিয়ে তিন আসামিই জিয়া পরিবারকে নিয়ে মানহানিকর মন্তব্য করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ