Views Bangladesh Logo

মণিপুরে নতুন করে সহিংসতা, পাঁচ দিনের জন্য ইন্টারনেট বন্ধ

ভারতের মণিপুর রাজ্যের উখরুল জেলায় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ায় জেলাজুড়ে পাঁচ দিনের জন্য ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) উখরুল জেলার লিতান এলাকায় সহিংস পরিস্থিতির অবনতি ঘটলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) জেলার বিভিন্ন এলাকায় অন্তত ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, লিতান ও আশপাশের গ্রামগুলোতে নতুন করে অগ্নিসংযোগ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। দুটি প্রতিবেশী গ্রামের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এসব সহিংসতা ছড়িয়ে পড়ে।

রোববারের সহিংসতার ধারাবাহিকতায় এই পরিস্থিতির সৃষ্টি হলেও নতুন করে কতটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনও নিশ্চিত নয়। তবে সহিংসতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পরিস্থিতির অবনতি আশঙ্কায় সোমবার সকাল থেকেই লিতান ও আশপাশের এলাকার অনেক বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেন।

রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের জারি করা আদেশে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিট থেকে তাৎক্ষণিকভাবে ইন্টারনেট সেবা বন্ধ কার্যকর করা হয়েছে। আদেশে এটিকে প্রতিরোধমূলক ও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, বর্তমান অস্থির আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আশঙ্কা রয়েছে যে কিছু অসামাজিক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি, পোস্ট ও ভিডিও ছড়িয়ে জনগণকে উসকানি দিতে পারে। এতে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতি ঘটার পাশাপাশি মানুষের জীবন এবং সরকারি-বেসরকারি সম্পদের ক্ষতির ঝুঁকি রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা ম্যাজিস্ট্রেট রোববার রাতেই অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেন। একই সঙ্গে রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

কারফিউ আদেশে বলা হয়, তাংখুল ও কুকি সম্প্রদায়ের মধ্যে সহিংসতা ও জনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা রয়েছে, যা মানুষের জীবন ও সম্পদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে।

এদিকে পরিস্থিতি শান্ত করতে সোমবার উপ-মুখ্যমন্ত্রী লোসি দিখোর সভাপতিত্বে উভয় পক্ষের নেতাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ