ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ: আইরিশ প্রধানমন্ত্রী
ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিহল মার্টিন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, অব্যাহত সহিংসতা ও ইসরায়েলি বসতি সম্প্রসারণ দীর্ঘস্থায়ী শান্তির সম্ভাবনাকে আরও ক্ষতিগ্রস্ত করছে। তুরস্কের সংবাদমাধ্যম টি আর টি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বিশ্বনেতাদের উদ্দেশে বক্তব্য দেন মিহল মার্টিন। তিনি বলেন, আন্তর্জাতিক আইনভিত্তিক ব্যবস্থা বর্তমানে তীব্র চাপের মুখে রয়েছে। মৌলিক মানবাধিকার অস্বীকার করাকে বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবেও উল্লেখ করেন তিনি।
ফিলিস্তিন প্রসঙ্গে মিহল মার্টিন বলেন, ‘সমষ্টিগত আন্তর্জাতিক সম্প্রদায় হিসেবে আমরা ফিলিস্তিনে ব্যর্থ হয়েছি।’ গাজা ও অধিকৃত পশ্চিম তীরে বেসামরিক মানুষের দীর্ঘস্থায়ী দুর্ভোগের কথা তুলে ধরে তিনি এ মন্তব্য করেন।
গত বছরের অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে সম্মত হওয়া গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপকে স্বাগত জানান আইরিশ প্রধানমন্ত্রী। তবে এই উদ্যোগের পরও গাজার পরিস্থিতিতে মৌলিক কোনো পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেন তিনি।
ইসরায়েলি হামলা অব্যাহত থাকা, গাজায় মানবিক সহায়তা প্রবেশে বিধিনিষেধ এবং বেসামরিক মানুষের দুর্ভোগের বিষয়গুলোও ভাষণে তুলে ধরেন মিহল মার্টিন। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আয়ারল্যান্ডের সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বলেন, যুদ্ধাপরাধের ক্ষেত্রে কোনো দায়মুক্তি থাকতে পারে না।
আন্তর্জাতিক অপরাধ আদালতের কার্যক্রম দুর্বল করার লক্ষ্যে নেওয়া পদক্ষেপ প্রত্যাহারেরও আহ্বান জানান তিনি। তার বক্তব্যে গাজায় সংঘটিত ঘটনাগুলোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দায় ও ভবিষ্যৎ পরিণতির বিষয়টিও গুরুত্ব পায়।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এ সময় গাজা, ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদা এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। জাতিসংঘের মহাসচিবও গাজায় যুদ্ধ বন্ধ, মানবিক সহায়তা বাড়ানো এবং আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন।
গাজায় যা ঘটেছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে শেষ পর্যন্ত তার দায় ও পরিণতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন মিহল মার্টিন। তার মতে, এসব ঘটনার নৈতিক ও রাজনৈতিক প্রভাব দীর্ঘস্থায়ী হবে।
মতামত দিন