ইন্টার্ন চিকিৎসকদের দাবি যৌক্তিক কি না খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক, প্রশিক্ষণার্থী চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের দাবিগুলো কতটা যৌক্তিক ও গ্রহণযোগ্য, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
সোমবার (৮ জুন) সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার। তবে তাদের দাবিগুলো কতটা যৌক্তিক, তা স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খতিয়ে দেখবেন। এরপর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। এখনো চিকিৎসাসেবা পুরোপুরি ব্যাহত হয়নি। ইন্টার্ন ও প্রশিক্ষণার্থী চিকিৎসকরা দায়িত্ব পালন করছেন এবং সেবা কার্যক্রম চালু রয়েছে।
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিক্রিয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যেই রয়েছে এবং আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে। তারা সময় চেয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ীও সময় দেওয়া হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। কেউ ক্ষতিপূরণ দেবে কি না, সেটি নয়; বরং আইন অনুযায়ী কার কী অপরাধ রয়েছে, সেটিই বিবেচনায় নেওয়া হবে।
তিনি জোর দিয়ে বলেন, সরকার ন্যায় ও সততার ভিত্তিতে কাজ করছে এবং তাদের অবস্থান থেকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এমএ মুহিত, স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে