অন্তর্বর্তী সরকার দেশের জন্য কোনো কাজ করেনি: বিমানমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্বকালে দেশের জন্য উল্লেখযোগ্য কোনো কাজ করতে পারেনি।
শনিবার (২ মে) মানিকগঞ্জ জাদুঘরে আয়োজিত দিনব্যাপী বিনামূল্যের চক্ষু শিবির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেড় বছরে অন্তর্বর্তী সরকার দেশের জন্য কিছুই করতে পারেনি। জনগণের সামনে দেখানোর মতো তাদের একটি অর্জনও নেই।
তিনি আরও বলেন, ১৭ বছর পর দেশে এখন কথা বলার স্বাধীনতা ফিরে এসেছে। এই সুযোগ কাজে লাগাতে হবে।
বর্তমান সরকারের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার দুই মাসের মধ্যেই জনগণ সরকারের কাজ দেখতে শুরু করেছে এবং প্রধানমন্ত্রীর অধীনে ভবিষ্যৎ পরিকল্পনাও সবার জানা।
এসময় তিনি বলেন, মেয়েদের শিক্ষাকে স্নাতক পর্যন্ত অবৈতনিক করা হয়েছে। আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এই চক্ষু শিবিরে প্রায় ৩০০ থেকে ৪০০ জনকে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও চশমা দেওয়া হবে। যেসব রোগীর অস্ত্রোপচার প্রয়োজন, তাদের ১৬ মে ঢাকায় নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জাদুঘরের সভাপতি অধ্যাপক আবুল ইসলাম শিকদার, সাবেক সচিব নাইম আহমেদ খান, সাবেক অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, জেলা পরিষদ প্রশাসক জামিলুর রশিদ খান এবং সাধারণ সম্পাদক হাবিল উদ্দিন প্রমুখ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে