Views Bangladesh Logo

অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবে বৈধ: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবে বৈধ এবং সবকিছুই আইন মেনে হচ্ছে।’

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সাংবিধানিকভাবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বৈধ। সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে লিখিত বৈধতা দেয়া হয়েছে। এখন পর্যন্ত সংবিধান অনুসারেই সরকার সব কাজ করছে।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করা, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করাসহ সংবিধান সংশোধন করা খুবই জরুরি। পাশাপাশি প্রধান বিচারপতির ক্ষমতা বৃদ্ধি করাসহ বিচারকদের স্বাধীনভাবে কাজ করার জন্য বিচার বিভাগের সংস্কার কাজও জরুরি।’

সংবিধানের ৭০ অনুচ্ছেদ ক্ষমতার ভারসাম্য নষ্ট করছে বলে মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এই অনুচ্ছেদের সংশোধনী জরুরি। আমি ব্যক্তিগতভাবে চাই সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার হোক। ৭০ অনুচ্ছেদ সংস্কার হলে এতে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা জেঁকে বসতে পারবে না।’

আইন, শাসন ও বিচার বিভাগের ভারসাম্য আনার জন্যই সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে আসাদুজ্জামান বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সব কাজ সংবিধান অনুসারে করছে। এই সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে লিখিত বৈধতা দেয়া হয়েছে।’

এ ছাড়াও দ্বিকক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থা প্রবর্তন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যে প্রস্তাব দিয়েছেন তা সময়োপযোগী বলেও মন্তব্য করেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ