অনলাইনে অবৈধ আর্থিক লেনদেন বন্ধে আন্তমন্ত্রণালয় সভা
অনলাইনে আর্থিক প্রতারণা এবং অবৈধ ও যাচাইবিহীন আর্থিক লেনদেন নিরসনে করণীয় বিষয়ে এক আন্তমন্ত্রণালয় গত ২৯ আগস্ট ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সভাপতিত্ব করেন।
সভায় বাংলাদেশে অনলাইনে সংগঠিত আর্থিক প্রতারণার ধরণ, অবৈধ আর্থিক লেনদেনের জন্য ভুয়া ফিনান্সিয়াল ওয়েবসাইট এবং অ্যাপসের ব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যম প্লাটফর্ম ব্যবহার করে জুয়া বা বেটিংয়ের মাধ্যমে মানুষকে প্ররোচিত করা, অনলাইনের অবৈধ আর্থিক লেনদেনের প্রক্রিয়া, ভুয়া একাউন্টধারীর নামে এমএফএস একাউন্টের ব্যবহার, অনলাইনের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন সংস্থার সংশ্লিষ্টতা, বিটিআরসির দায়িত্ব ও সংক্ষমতা, অনলাইনের মাধ্যমে সংঘটিত আর্থিক প্রতারণার সাথে সংশ্লিষ্ট অপরাধীদের সনাক্তকরণের উপায় এবং অনলাইনের মাধ্যমে অবৈধ আর্থিক লেনদেন বন্ধে চ্যালেঞ্জের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
সভায় ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাউল করিম, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব বিলকিস জাহান রিমি, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব মো: রুহুল আমিন, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো: কামরুজ্জামান, টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো: রফিকুল ইসলাম, ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো: হারুনুর রশীদ, জননিরাপত্তার বিভাগের যুগ্ম সচিব এ এস এম ফেরদৌস, আইসিটি বিভাগের যুগ্মসচিব মো: মেহেদী হাসান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ড. নাহিদ হোসেন, এনটিএমসি এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাকের, এনএসআই এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: শাহান সাদী, ডিজিএফআই প্রতিনিধি কর্নেল এসএম আজাদ, এসবি‘র অতিরিক্ত ডিআইজি মো: মিজানুর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের গোয়েন্দা পরিদপ্তরের প্রতিনিধি ক্যাপ্টেন শেখ শাহীদ আহমেদ, ডেপুটি হেড অব বিএফআইইউ এএফএম শাহীনুল ইসলামসহ সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: নাসিম পারভেজ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বাংলাদেশ ব্যাংক কে লীড এজেন্সি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং বিটিআরসিকে নিয়ে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ স্মার্ট বাংলাদেশের বাহন হিসেবে ডিজিটাল সংযুক্তির মহাসড়ক তৈরি এবং এর উন্নয়নে কাজ করছে। ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রটা বিশাল। ডিজিটাল নিরাপত্তার বিদ্যমান চ্যালেঞ্জসমূহ মোকাবেলার সমস্যা এবং তা প্রতিকারের লক্ষ্যে সমস্যা এবং সমাধানের উপায় চিহ্নিত করার জন্য করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট অংশীজনদের ভূমিকা অপরিসীম। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রয়াসে নিরাপদ অনলাইন প্রতিষ্ঠা সম্ভব।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে