নির্দোষ ছাত্রলীগ কর্মীরা এনসিপিতে যোগ দিতে পারবেন: নাহিদ ইসলাম
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কারও রাজনৈতিক অতীত নয়, বরং বর্তমান আদর্শ ও স্বচ্ছ ভাবমূর্তিই নির্ধারণ করবে তিনি দলে যোগ দিতে পারবেন কি না। তিনি আরও বলেন, নির্দোষ ছাত্রলীগ কর্মীরাও এনসিপিতে যোগ দিতে পারেন।
রোববার (১৯ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীদের এনসিপিতে স্বাগত জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, “কারও আগের রাজনৈতিক পরিচয়—তিনি ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ বা ছাত্রলীগের ছিলেন কি না—এটি এনসিপির কাছে প্রধান বিষয় নয়। আজ থেকে যারা এনসিপিতে যোগ দেবেন, তারা দলের আদর্শ ধারণ করে নেতা-কর্মী হিসেবে কাজ করবেন।”
তবে দলীয় অন্তর্ভুক্তির ক্ষেত্রে তিনি কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, ফ্যাসিবাদে সম্পৃক্ত, গণহত্যায় জড়িত বা সমর্থনকারী এবং চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের জন্য এনসিপির দরজা বন্ধ থাকবে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, সরকার সংস্কার ও গণভোটের মাধ্যমে তৈরি সুযোগ নষ্ট করছে। তার ভাষায়, “এই নির্বাচনের মাধ্যমে একটি দল শুধু আরেকটি দলকে প্রতিস্থাপন করেছে, কিন্তু কোনো কাঠামোগত পরিবর্তন হয়নি।”
তিনি আরও অভিযোগ করেন, দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস বৃদ্ধি পাচ্ছে এবং জনগণের রায় উপেক্ষিত হচ্ছে। এই পরিস্থিতিতে একটি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্ব দেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে