গ্যাস সংকটে কোনটি ভালো ইনডাকশন না কি ইনফ্রারেড চুলা?
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান গ্যাস সংকটের কারণে অনেক পরিবার বিকল্প হিসেবে বৈদ্যুতিক চুলার দিকে ঝুঁকছে। বাজারে হঠাৎ করেই ইনডাকশন ও ইনফ্রারেড চুলার চাহিদা বেড়েছে। তবে কোন ধরনের চুলা আপনার জন্য উপযুক্ত, কেনার আগে তা জেনে নেওয়া জরুরি।
ইনডাকশন ও ইনফ্রারেডের পার্থক্য
বাজারে মূলত দুই ধরনের বৈদ্যুতিক চুলা পাওয়া যায়—ইনডাকশন ও ইনফ্রারেড।
ইনডাকশন চুলা ইলেক্ট্রোম্যাগনেটিক প্রযুক্তির মাধ্যমে সরাসরি রান্নার পাত্র গরম করে। এ কারণে এতে রান্না দ্রুত হয় এবং বিদ্যুৎও তুলনামূলক কম খরচ হয়। তবে এই চুলায় শুধুমাত্র চুম্বক আকর্ষণ করে এমন বিশেষ ধরনের পাত্র ব্যবহার করা যায়।
অন্যদিকে, ইনফ্রারেড চুলায় কাচের নিচে থাকা হিটিং এলিমেন্ট (হ্যালোজেন বা নিক্রোম কয়েল) গরম হয়ে তাপ উৎপন্ন করে। সেই তাপে কাচ এবং পরে রান্নার পাত্র গরম হয়। এতে অ্যালুমিনিয়াম, স্টিল, কাচ বা মাটির হাঁড়িসহ প্রায় সব ধরনের পাত্র ব্যবহার করা যায়। তবে রান্নার সময় চুলার কাচও গরম হয়ে যায় এবং বন্ধ করার পর ঠান্ডা হতে প্রায় ২০ মিনিট সময় লাগে।
কোনটি বেশি বিদ্যুৎ সাশ্রয়ী?
ইনডাকশন চুলা তুলনামূলক কম বিদ্যুৎ খরচ করে এবং দ্রুত রান্না সম্পন্ন করে। অন্যদিকে, ইনফ্রারেড চুলায় রান্না কিছুটা ধীরগতির হওয়ায় বিদ্যুৎ খরচও বেশি হয়।
দাম কত?
বাজারে এক মুখের (সিঙ্গেল বার্নার) বৈদ্যুতিক চুলার দাম সাধারণত ৪ হাজার থেকে ৯ হাজার টাকার মধ্যে।
এছাড়া এক পাশে ইনডাকশন ও অন্য পাশে ইনফ্রারেড বার্নারযুক্ত ডাবল বার্নার চুলাও পাওয়া যায়। এসব চুলার দাম ৭ হাজার থেকে ১৪ হাজার টাকার মধ্যে।
ব্যবহারে যেসব বিষয় খেয়াল রাখবেন
-যত্ন নিয়ে ব্যবহার করলে একটি বৈদ্যুতিক চুলা ৮ থেকে ৯ বছর পর্যন্ত টেকসই হতে পারে।
-যন্ত্রাংশ আলাদাভাবে সহজে পাওয়া যায় না, তাই ব্যবহারে সতর্ক থাকতে হবে।
-ইনফ্রারেড চুলার কাচে রান্নার পানি পড়লে চুলা বন্ধ করে ঠান্ডা হওয়ার পর শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে।
-শিশুদের চুলা থেকে দূরে রাখতে হবে।
-একটানা প্রায় সাড়ে ৩ ঘণ্টা ব্যবহারের পর অন্তত ৩০ মিনিট বিরতি দেওয়া উচিত।
কোনটি কিনবেন?
যদি দ্রুত রান্না, কম বিদ্যুৎ খরচ এবং দীর্ঘমেয়াদি সাশ্রয় চান, তাহলে ইনডাকশন চুলা ভালো বিকল্প। তবে এ ক্ষেত্রে আলাদা উপযোগী পাত্র লাগবে।
আর যদি বাড়িতে থাকা যেকোনো পাত্র ব্যবহার করতে চান এবং নতুন বাসন কিনতে না চান, তাহলে ইনফ্রারেড চুলা সুবিধাজনক। তবে এতে রান্না তুলনামূলক ধীরগতির এবং বিদ্যুৎ খরচ কিছুটা বেশি হবে।
মতামত দিন