ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। ইন্ডিয়ান এক্সপ্রেস
এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘শুরু থেকেই আমি এর দায়িত্ব নিয়েছি এবং কখনো পরিস্থিতি থেকে মুখ ফিরিয়ে নিইনি। আমার সংকল্প ছিল, পরীক্ষা মাফিয়ার কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন নষ্ট না হয়, কোনো শিক্ষার্থীর প্রতি যেন অবিচার না হয়।’
গত কয়েক দিন ধরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং মেডিকেল ভর্তি পরীক্ষা নিটে (এনইইটি-ইউজি) প্রশ্নফাঁসের প্রতিবাদে ভারতজুড়ে আন্দোলন চলছিল। মূলত এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামের একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন, যা মূলত তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের এক মন্তব্যের প্রেক্ষাপটে চলতি বছরের মে মাসে আন্দোলনটির জন্ম হয়; সেই মন্তব্যে তিনি বেকার তরুণদের ‘তেলাপোকা’ বলে উল্লেখ করেছিলেন বলে অভিযোগ ওঠে, যা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।
নিট পরীক্ষার প্রশ্নফাঁস এবং উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের (সিবিএসই) খাতা মূল্যায়ন ও পুনর্মূল্যায়ন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ শিক্ষার্থীরা গত কয়েক সপ্তাহ ধরে রাজধানী দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ করে আসছিলেন। গত ২০ জুলাই পুলিশি ধরপাকড়ের পর আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে; সংসদ ভবনের দিকে যাওয়ার চেষ্টাকালে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ, যাতে দেড় শতাধিক মানুষ আহত হন। এর জেরে প্রধানমন্ত্রী মোদি প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দেন। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের নেতৃত্বে আন্দোলনকারীরা অবশ্য এই ঘোষণায় সন্তুষ্ট না হয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থাকেন।
আন্দোলনের সমর্থনে ২৫ দিনের অনশন পালন করা পরিবেশ ও শিক্ষা আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক গত বৃহস্পতিবার রাতে অনশন ভাঙেন, সরকারের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার আশ্বাস পাওয়ার পর। এরপর শুক্রবার সরকার ও সিজেপির মধ্যে একদফা আলোচনাও হয়, তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রশ্নে কোনো সমাধান আসেনি বলে জানা যায়। এমন প্রেক্ষাপটেই শনিবার আকস্মিকভাবে পদত্যাগ করলেন ধর্মেন্দ্র প্রধান।
মতামত দিন