১৫ আগস্ট থেকে নতুন করে আন্দোলনে নামছে ভারতের ‘ককরোচ পার্টি’
ভারতের গ্রামীণ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অবকাঠামোগত সংকট ও দীর্ঘদিনের অবহেলা দূর করতে দেশজুড়ে বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ১৫ আগস্ট থেকে ‘সরপঞ্চ চ্যালেঞ্জ’ নামে এ কর্মসূচি শুরু করার কথা জানিয়েছে অনলাইনভিত্তিক দলটি।
সোমবার (১০ আগস্ট) সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এক বার্তায় দেশের নাগরিক, অভিভাবক ও গ্রামপ্রধানদের নিজ নিজ এলাকার সরকারি স্কুলের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার নিজ গ্রামের সরপঞ্চের সঙ্গে দেখা করে স্কুলের পরিবেশ উন্নয়নের অনুরোধ জানানোর মধ্য দিয়ে তিনি কর্মসূচির সূচনা করবেন বলে জানিয়েছেন।
গ্রামের স্কুলগুলোর দুরবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিজিৎ বলেন, স্বাধীনতার এত বছর পরও অনেক গ্রামের শিশুকে স্কুলে যেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে নেই পর্যাপ্ত পানীয় জল ও সচল শৌচাগার। এতে বিশেষ করে ছাত্রীদের নানা সমস্যায় পড়তে হয়। শহরের শিশুদের মতো কৃষক ও শ্রমিক পরিবারের সন্তানদেরও মানসম্মত শিক্ষার সুযোগ পাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
‘সরপঞ্চ চ্যালেঞ্জ’-এর আওতায় গ্রামের প্রধানদের নিজ উদ্যোগে সরকারি স্কুলের পরিবেশ বদলের আহ্বান জানানো হয়েছে। যেসব সরপঞ্চ স্কুলের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেবেন, তাদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সম্মাননা দেওয়ার পরিকল্পনা রয়েছে সিজেপির।
একই সঙ্গে সরকারি স্কুলগুলোতে সামাজিক নিরীক্ষা চালানোর আহ্বান জানিয়েছে দলটি। অভিভাবক ও সাধারণ নাগরিকদের স্কুলে গিয়ে বিদ্যুৎ, নিরাপদ পানি, ব্যবহারযোগ্য শৌচাগার এবং মিড-ডে মিলের ব্যবস্থা রয়েছে কি না, তা যাচাই করতে বলা হয়েছে। কোনো ঘাটতি থাকলে ভিডিও ধারণ করে নির্দিষ্ট অডিট ফর্মের মাধ্যমে তথ্য ও প্রমাণ ইমেইলে পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
এদিকে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডে আমরণ অনশনরত ছাত্রনেতা দেবেন্দ্র নাথ মাহাতোর আন্দোলনের প্রতিও সমর্থন জানিয়েছেন অভিজিৎ। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের সমালোচনা করেছেন তিনি। উল্লেখ্য, ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করা সিজেপি পরে বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনে নামে। দিল্লির যন্তর মন্তরে ৩৬ দিনের আন্দোলনের পর ২৫ জুলাই তারা কর্মসূচি স্থগিত করে।
মতামত দিন