জ্বালানি সংকটে ভারতের সিরামিক শিল্প বন্ধের মুখে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকটে ভারতের সিরামিক শিল্প বড় ধরনের ধাক্কা খেয়েছে। দেশটির প্রায় ৬.৫ বিলিয়ন ডলারের এই শিল্পের বহু কারখানা উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।
পশ্চিম ভারতের গুজরাট রাজ্যের মরবি এলাকায় অবস্থিত একটি বৃহৎ সিরামিক কারখানায় আগে যেখানে ২০০ মিটার দীর্ঘ কিলনে (চুল্লি) নিরবচ্ছিন্নভাবে মাটির পণ্য পোড়ানো হতো, এখন সেখানে নীরবতা নেমে এসেছে। কয়েকজন শ্রমিক কেবল তিন সপ্তাহ আগে উৎপাদিত শেষ ব্যাচের পণ্য ট্রাকে তোলার কাজ করছেন।
জ্বালানি সরবরাহ সংকট ও বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে বিশ্বের বিভিন্ন দেশে টাইলস কারখানাগুলো উৎপাদন কমিয়ে দিয়েছে বা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে সংঘাত এবং হরমুজ প্রণালির কার্যত বন্ধ হয়ে যাওয়ায় এই সংকট আরও তীব্র হয়েছে।
কারখানামালিক কিশোর দুলেরা বলেন, পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। মার্চের শুরুতেই তিনি তার তিনটি কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন, ফলে শত শত শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।
বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ ভারত তাদের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) চাহিদার প্রায় ৬০ শতাংশ আমদানির ওপর নির্ভরশীল। এর বড় অংশই হরমুজ প্রণালি দিয়ে আসে। সাম্প্রতিক সংঘাতের কারণে এই গুরুত্বপূর্ণ জ্বালানি পথ ব্যাহত হওয়ায় সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে।
এ অবস্থায় ভারত সরকার গৃহস্থালি খাতে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দিচ্ছে, যাতে সাধারণ মানুষ রান্নার কাজে সমস্যা না পড়ে। ফলে শিল্প খাতে গ্যাস সরবরাহ আরও কমে গেছে।
এর প্রভাব শুধু সিরামিক শিল্পেই সীমাবদ্ধ নয়। স্টেইনলেস স্টিল ও প্লাস্টিকসহ অন্যান্য শিল্পেও উৎপাদন কমে এসেছে বলে জানা গেছে। সূত্র: এএফপি ও দ্য গার্ডিয়ান

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে