Views Bangladesh Logo

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু: প্রথম দিনেই ভিসা আবেদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। রোববার থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) এই আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রথম দিনেই ভিসা প্রত্যাশীদের দীর্ঘ লাইন ও ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।

ভিসা আবেদন জমা নেওয়ার প্রথম দিনে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাকে সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন বন্ধ থাকার পর এই সেবা চালু হওয়ায় সাধারণ মানুষ ও পর্যটকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও স্বস্তি লক্ষ্য করা গেছে।

এর আগে গত বৃহস্পতিবার (২৫ জুন) যমুনা ফিউচার পার্কের আইভ্যাক কেন্দ্র পরিদর্শনে এসে বাংলাদেশে নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পর্যটন ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন। মূলত নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই ভিসা সংক্রান্ত এই দীর্ঘদিনের অচলাবস্থা কাটল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে দেশের পাঁচটি প্রধান শহর—ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার আইভ্যাক কেন্দ্রে ট্যুরিস্ট ভিসার এই আবেদন নেওয়া শুরু হয়েছে। তবে পর্যায়ক্রমে দেশের অন্যান্য শহরের কেন্দ্রগুলোতেও এই সেবা চালু করা হবে।

উল্লেখ্য, গত ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তার কারণ দেখিয়ে নিয়মিত ভিসা ইস্যু বন্ধ করে দিয়েছিল ভারত সরকার। পরবর্তীতে জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে মেডিকেল, বিজনেস ও স্টুডেন্ট ভিসা দেওয়া হলেও সাধারণ পর্যটকদের জন্য ট্যুরিস্ট ভিসা পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল। প্রায় দুই বছর পর এই সেবা চালু হওয়ায় দুই দেশের মধ্যকার পর্যটন ও যোগাযোগ ব্যবস্থা আবার গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ