Views Bangladesh Logo

‘চ্যাটজিপিটি’ ব্যবহার করে মা ও ভাইকে হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত কিশোর গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে নিজ বাড়িতে মা ও ছোট ভাইকে হত্যার অভিযোগে ১৭ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের নাম অর্জুন অরবিন্দ। মঙ্গলবার রাতে পরিবারের দুই সদস্যের মরদেহ উদ্ধারের পর রাতভর তল্লাশি চালিয়ে বুধবার সকালে তাকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা ছাড়াও একাধিক অভিযোগ আনা হয়েছে। অর্জুন কয়েক দিন ধরেই পরিবারের সদস্যদের হত্যা নিয়ে কাল্পনিক এক রহস্য গল্পের ব্যাপারে চ্যাটজিপিটির সঙ্গে আলাপ করছিল।

পুলিশ ও প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, নিহতরা হলেন অর্জুনের ৪৫ বছর বয়সী মা সুধা ভেঙ্কটেশন এবং ১৪ বছর বয়সী ছোট ভাই সিদ্ধার্থ অরবিন্দ। ম্যাসাচুসেটসের অ্যাক্টনের মার্থা লেনের বাড়ি থেকে মঙ্গলবার সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। কর্মকর্তারা জানান, দুজনের শরীরেই গুরুতর আঘাতের চিহ্ন ছিল। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এবং হত্যায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা এখনো তদন্তাধীন।

ঘটনাটি প্রকাশ্যে আসে পরিবারের এক গৃহশিক্ষক বাড়িতে গিয়ে কাউকে না পেয়ে অর্জুনের বাবাকে বিষয়টি জানানোর পর। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই শিক্ষক পূর্বনির্ধারিত সময়ে পড়াতে গিয়ে বাড়িতে প্রবেশ করতে পারেননি। পরে অর্জুনের বাবা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর তিনি পুলিশকে ফোন করে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ নেওয়ার অনুরোধ করেন। পুলিশ সেখানে গিয়ে প্রথম তলায় সিদ্ধার্থ এবং বেসমেন্টে সুধার মরদেহ দেখতে পায়।

তদন্তকারীরা জানান, ঘটনার পর অর্জুনকে তার মায়ের সবুজ রঙের হোন্ডা অ্যাকর্ড গাড়িসহ খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাতভর তল্লাশি চালানোর পর বুধবার সকালে ওয়েল্যান্ড এলাকায় গাড়িটির ভেতর থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তার বিরুদ্ধে দুটি হত্যা, পরিবারের সদস্যের ওপর হামলা ও ব্যাটারি প্রয়োগের দুটি অভিযোগ, আরও দুটি হামলার অভিযোগ এবং অনুমতি ছাড়া গাড়ি ব্যবহার ও মোটরযান চুরির অভিযোগ আনা হয়েছে।

মামলাটিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে অর্জুনের কথিত অনলাইন কর্মকাণ্ড। মিডলসেক্স কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মারিয়ান রায়ান জানিয়েছেন, তদন্তে এমন তথ্য পাওয়া গেছে যে, সাম্প্রতিক সময়ে অর্জুন ইন্টারনেট ও চ্যাটজিপিটি ব্যবহার করে পরিবারের সদস্যদের হত্যাকে ঘিরে বিভিন্ন কাল্পনিক ও তাত্ত্বিক বিষয় খুঁজছিল। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সে ‘গথিক উপন্যাস’ধর্মী গল্প, চরিত্র ও পরিবারের সদস্যদের মৃত্যুকে কেন্দ্র করে নানা কল্পকাহিনি নিয়েও অনুসন্ধান করেছিল।

অর্জুন অ্যাক্টন-বক্সবোরো রিজিওনাল হাইস্কুলের শিক্ষার্থী। বুধবার তাকে আদালতে হাজির করার প্রক্রিয়া শুরু হয়। তবে হত্যার মতো গুরুতর অভিযোগের বিচার করার এখতিয়ার কিশোর আদালতের নেই। ফলে হত্যা ও সংশ্লিষ্ট অভিযোগের বিচারিক প্রক্রিয়ার জন্য মামলাটি কনকর্ড ডিস্ট্রিক্ট কোর্টে নেওয়া হবে। তদন্তকারীরা বলছেন, ঘটনাটি তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও পুরো ঘটনার ধারাবাহিকতা উদ্ঘাটনে আরও অনুসন্ধান চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ