Views Bangladesh Logo

ভারতে ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাত করে শিক্ষিকাকে হত্যা

ভারতে একটি বেসরকারি স্কুলের বাইরে ডেকে এনে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে মাত্র ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাত করে নৃশংসভাবে হত্যা করেছে এক যুবক।

মঙ্গলবার (৪ আগস্ট) দেশটির হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় শিক্ষিকা সন্ধ্যাকে উদ্ধার করে স্থানীয় আল ফালাহ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে ২১ বছর বয়সী অভিযুক্ত যুবক অমিতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, মুখ ঢাকা অবস্থায় অভিযুক্ত অমিত স্কুলে প্রবেশ করে এবং ইঙ্গিত দিয়ে শিক্ষিকা সন্ধ্যাকে বাইরে ডেকে আনে। শিক্ষিকা সামনে আসতেই সে তাঁর গলা চেপে ধরে টেনে নিয়ে যায় এবং তার মুখ, ঘাড়, বুক ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে। এ সময় শিক্ষিকার চিৎকার শুনে স্কুলের প্রশাসনিক কর্মকর্তারা বাধা দিতে এগিয়ে এলে হামলাকারী তাদের দিকেও ধারালো অস্ত্র নিয়ে তেড়ে যায়। এরপর মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে অন্তত ৩৪ বার ছুরিকাঘাত করে একটি নম্বর প্লেটহীন মোটরসাইকেলে চড়ে দ্রুত পালিয়ে যায় সে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, কোট গ্রামের বাসিন্দা অভিযুক্ত অমিত দীর্ঘদিন ধরে শিক্ষিকা সন্ধ্যাকে উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে কিছুদিন আগে সন্ধ্যার দায়ের করা ইভটিজিংয়ের অভিযোগের প্রেক্ষিতে অমিত প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হয়। তবে প্রকাশ্যে ক্ষমা চাইলেও মনে প্রতিহিংসা লালন করছিল সে। সেই প্রতিশোধ নিতেই মুখ ঢেকে এবং মোটরসাইকেলের নম্বর প্লেট খুলে পরিকল্পিতভাবে স্কুলে ঢুকে সে এই হত্যাকাণ্ড ঘটায় বলে পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

সূত্র: এনডিটিভি

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ