পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলায় ৯ জঙ্গি ঘাটি ধ্বংসের দাবি ভারতের
ভারতীয় সামরিক বাহিনী দাবি করেছে, পাকিস্তানের অভ্যন্তরে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় তারা নয়টি জঙ্গি ঘাটি ধ্বংস করেছে।
বুধবার (৭ মে) এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’ অভিযানের অংশ হিসেবে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাটি ধ্বংস করা হয়েছে।
সেনাবাহিনীর দাবি, এই ঘাঁটিগুলো গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় জড়িত সন্ত্রাসীদের ছিল।
একই দিনে সংবাদ সম্মেলনে ভারতীয় বিমান বাহিনীর সিনিয়র কর্মকর্তা ভূমিকা সিং বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয়টি জঙ্গি ঘাটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে, যাতে ঘাঁটিগুলো সফলভাবে ধ্বংস করা যায়।
তিনি আরও বলেন, অবকাঠামোগত ক্ষতি এবং বেসামরিক নাগরিকদের প্রাণহানি এড়াতে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্যবস্তুগুলো নির্বাচন করা হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সেনাবাহিনীর প্রশংসা করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, “অপারেশন সিঁদুর হলো পেহেলগামে আমাদের নিরীহ ভাইদের নৃশংস হত্যার জবাব।
তিনি আরও বলেন, “মোদী সরকার ভারত ও তার জনগণের ওপর যে কোনো হামলার যোগ্য জবাব দিতে দৃঢ়প্রতিজ্ঞ। ভারত সন্ত্রাসবাদকে নির্মূল করতে বদ্ধপরিকর।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে